
বাসাইল সংবাদ: রোববার, ৩০ অক্টোবর, ২০১৬:

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইল উপজেলার ৫নং কাশিল ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে চলছে নানা রকমের রণপ্রস্তুতি।
সমর্থকরা তাদের মনোনীত প্রার্থীকে জয়ী করতে নানা ধরণের চেষ্টা চালাচ্ছেন। এতে সাধারণ ভোটারদের মাঝে দেখা দিয়েছে শঙ্কা আর আতংক। সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারবেন কিনা তা দিয়ে সংশয়ে রয়েছেন। তবে উপজেলা রিটার্নিং কর্মকর্তা সব শঙ্কা ছাড়িয়ে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর। শেষ মুহুর্তে নিজ নিজ পদে জয়লাভের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। প্রার্থীরা ভোটারদের কাছে টানতে ও ভোট প্রার্থনায় বিভিন্ন কৌশল অবলম্বন করছে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা, এলাকার রাস্তা-ঘাট সহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতিব্যক্ত করে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা । হাট-বাজার চায়ের দোকান, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কোন কোন কেন্দ্রের সাধারণ ভোটারদের অভিযোগ অনেক প্রার্থীই ক্ষমতার দাপটে বিভিন্ন কেন্দ্রে বড় ধরণের বিশৃংখলা সৃষ্টির পায়তারা করছে। নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর দাবী জানিয়েছে সংশ্লিষ্ট এলাকার সাধারণ ভোটাররা। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন, সংরক্ষিত (মহিলা ) সদস্য ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থীসহ মোট ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন ক্ষমতাসীন দল আওয়ামীলীগ মনোনীত বাসাইল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মির্জা রাজিক (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের সাবেক জিএস, উপজেলা ছাত্রদলের সাবেক ও কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রমজান মিয়া (ধানেরশীষ)। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন শামীম মাহমুদ (ঘোড়া), জাকির হোসেন (মোটরসাইকেল), সাইফুল ইসলাম চৌধুরী (আনারস), আলাল উদ্দিন (টেলিফোন), দেওয়ান শহীদুল ইসলাম তৌহিদুল (রজনীগন্ধা), মোঃ বারিকুল ইসলাম (টেবিল ফ্যান) ও খন্দকার লুৎফর রহমান (চশমা)। উপজেলা নির্বাচন অফিস জানান ৯টি কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্রই গুরুত্বপূর্র্ণ।

গুরুত্বপূণ কেন্দ্রগুলো হচ্ছে- বাথুলী সাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয়, কাশিল আব্দুল খালেক আব্দুল কাদের দাখিল মাদরাসা, কাশিল কেবিএন উচ্চ বিদ্যায়ল, নথখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দাপনাজোর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দেউলী খঃ নুর আলম উচ্চ বিদ্যালয় ও পিচুরী কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় এ ইউনিয়নে ১০হাজার ১শ ৮৮ জন পুরুষ ও ১১হাজার ৪ জন নারীসহ মোট ২১ হাজার ১’শ ৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
বাসাইল থানার ওসি মোঃ নুরুল ইসলাম খান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ-আনসার ব্যাটালিয়নের সদস্য, ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে মোবাইল টিম, স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স ও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সার্বোক্ষনিক কাজ করবে।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা শারমিন সুলতানা জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে।
বাসাইল সংবাদ/একে




