
নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের মানুষের জীবনের নিরাপত্তা নেই। মানুষের স্বাধীনতার কথা বলতে শুনি, তবে বাস্তবে দেখি না। আজকে মানুষ রাস্তায় নামলে গুম ও খুন হয়ে যায়।’ রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাও মাঠে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ স্বাধীনতার ৫২ বছর শেষ করে ৫৩ বছরে পা রেখেছে। রাজনীতি মানুষ করে মানুষের কল্যাণের জন্য। ৫২ বছরে আমরা কী পেলাম ও কী দেখলাম। যাদের মাধ্যমে দেশ বর্তমানে চলছে, তাদের কারণে দুর্নীতিতে বিশ্বে পাঁচ বার প্রথম হয়েছে।’
তিনি আরও বলেন, ‘রিকশা ও ঠ্যালা গাড়িয়ালা ভাইয়েরা কষ্টের মাধ্যমে অর্থ উপার্জন করে। সেই অর্থের মধ্যেও ট্যাক্স বসানো হয়। আর যারা ক্ষমতায় আছে, কষ্টে উপার্জিত সেই অর্থ পাচার করে কানাডাসহ বিভিন্ন জায়গায় বেগমপাড়া তৈরি করে। আজকে তাদের দলীয় লোকরাই চাকরি, টেন্ডারসহ বিভিন্ন দিকের সুবিধাভোগ করছে। যেভাবে দেশ চলছে এর পরিবর্তন করা প্রয়োজন। শান্তি শব্দের আমরা নাম শুনেছি, কেউ দেখাতে পারে নাই। ইসলামী ইতি আদর্শের মধ্যে দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি।’
তিনি বলেন, ‘আজকে বাংলাদেশের ভিতরে যে অরাজকতা, যে অশান্তি চলছে, বর্তমান সরকার তারা যখন বিরোধী দলে ছিল তখন হরতাল, অবরোধসহ নানা কর্মসূচির মাধ্যমে দাউ দাউ করে আগুন জ্বালিয়েছে। ঢাকার রাজপথে বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে মেরেছে। আজকে তারা ক্ষমতায় যাওয়ার পরে তত্ত¡াবধায়ক সরকার বা নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে জাতীয় সরকার তারা বোঝেন না। তারা বুঝবে কীভাবে, যারা ক্ষমতা লোভী, তারা দেশ ও জনগণের ভালো বোঝে না।’
জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আকরাম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মুহাম্মদ আখিনুর মিয়া। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ০৪ সেপ্টেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




