
নিউজ ডেস্ক : ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সম্প্রতি ভারত সফর করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারত সফরের বিস্তারিত তুলে ধরেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া ড. আব্দুর রাজ্জাক বলেন, সফরে রাজনৈতিক স্থিতিশীলতা, জঙ্গি দমন নিয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় বিজেপি। আওয়ামী লীগকে তারা গুরুত্ব দেয়। দুই রাজনৈতিক দল এক সঙ্গে কাজ করলে ভবিষ্যতে দুই দেশের আরও ভালো হবে বলে তারা মনে করেন।
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক উঁচুতে। দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘দেশটির প্রধানমন্ত্রী লিখিত বক্তব্যে বলছেন, দুই দেশের সম্পর্কের সোনালি অধ্যায় পার হচ্ছে। এটি দলীয় সফর। জে পি নাড্ডা (বিজেপির কেন্দ্রীয় সভাপতি) জানিয়েছেন তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অতীতের মতো সামনেও একসঙ্গে কাজ করবে। আমরাও তাদের বলেছি, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আমরা ভারতকে অনেক গুরুত্ব দিয়ে থাকি।’
তিনি বলেন, ‘ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ, মুক্তিযুদ্ধের সময়ে তারা অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল। মুক্তিযুদ্ধের পর ভারতের সঙ্গে সম্পর্ক অনেক চড়াই-উতরাই পেরিয়েছে। আর বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক উঁচুতে।’
ড. রাজ্জাক বলেন, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় বিজেপি। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকার পাশাপাশি বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলেও আশাবাদী তারা। তারা আন্তর্জাতিক পর্যায়ে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তিনি জানান, সফরে রাজনৈতিক স্থিতিশীলতা, জঙ্গি দমন নিয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় বিজেপি। আওয়ামী লীগকে তারা গুরুত্ব দেয়। দুই রাজনৈতিক দল এক সঙ্গে কাজ করলে ভবিষ্যতে দুই দেশের আরও ভালো হবে বলে তারা মনে করেন।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অংশীদারিত্বমূলক কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক আত্মিক। তবে জামায়াত এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি।
বাংলাদেশে কী হচ্ছে ভারত তা জানে উল্লেখ করে ড. রাজ্জাক বলেন, নির্বাচনে ভারতের কিছু করার নেই, তবে তারা মনে করে সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব।
কৃষিমন্ত্রী বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও জঙ্গিবাদ দমনে ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত।
সংবাদ সম্মেলনে ভারত সফরের কর্মসূচি তুলে ধরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ৭ আগস্ট সকালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট জগত প্রকাশ (জে পি) নাড্ডার সঙ্গে তার বাসভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। অত্যন্ত আন্তরিকতাপূর্ণ বৈঠকে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়ের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা, জঙ্গিবাদ দমন ও আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব আরও করা হয়।
তিনি জানান, এছাড়া দুপুরে বিজেপির প্রধান কার্যালয়ে বিজেপির জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ের সঙ্গে বৈঠক হয়। বিকেলে ভারতের পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী জয় শঙ্করের সঙ্গে তার দপ্তরে বৈঠক অনুষ্ঠিত হয়। ৮ আগস্ট ভারতের পার্লামেন্টের লিডার অব দি আপার হাউজ (রাজ্য সভা) ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল এবং ভারতে জি-২০ সম্মেলনের কো-অর্ডিনেটর শ্রী হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
রাজ্জাক বলেন, বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জি-২০ ফোরামে ভারতের কো-অর্ডিনেটর হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে অনুষ্ঠিত পৃথক বৈঠকে তিনি আগামী ৯-১০ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে ভারত সফরে আওয়ামী লীগের প্রতিনিধিদলের সদস্য দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা অব্যাহত রাখতে একযোগে কাজ করবে ভারত ও বাংলাদেশ। এ অঞ্চলে শান্তি-শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সরকারের ভূমিকায় সন্তুষ্ট তারা।
তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি যেন স্থিতিশীল থাকে সেটি চায় ভারত। ১০ ট্রাক অস্ত্র আনা হয়েছে বিএনপির আমলে। ওই আমলে তারা উদ্বিগ্ন ছিল বলে জানিয়েছে। আওয়ামী লীগ আমলে সংখ্যালঘুরা ভালো আছে। উগ্রবাদীদের পাশের দেশকে ক্ষতি করতে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেবে না বর্তমান সরকার- এই ঘোষণাতে সন্তুষ্ট ভারত।
গত রোববার ভারত সফরে যায় আওয়ামী লীগের প্রতিনিধিদল। ড. আব্দুর রাজ্জাক ও ড. হাছান মাহমুদ ছাড়াও প্রতিনিধিদলে আরও ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা ও সংসদ সদস্য আরমা দত্ত। গতকাল বুধবার তারা দেশে ফিরেছেন।
বাসাইলসংবাদ, ১০ আগস্ট, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




