
অনলাইন ডেস্ক : সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। গতকাল বুধবার এ ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত রোগী সৌদি আরবের নাগরিক, যিনি সম্প্রতি বাহরাইন হয়ে ইরান থেকে এসেছেন। তবে দেশে ফেরার পর কোন দেশ থেকে ফিরেছেন সে খবর প্রকাশ করেননি ওই সৌদি নাগরিক।
সরকারী পরিসংখ্যান অনুসারে, ইরানে করোনাভাইরাসে ৯২ জনেরও বেশি মানুষ মারা গেছে।
এর আগে গত সোমবার সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত করা হয়। সে সময় তার সঙ্গে সৌদির এই নাগরিক উপস্থিত ছিল।
মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেইসঙ্গে সৌদিতে ফেরার পর যারা তার সংস্পর্শে এসেছেন তাদের প্রতেক্যের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
এই ভাইরাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সৌদি নাগরিকদের ৯৩৭ নম্বরে ফোন করার কথাও জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে, করোনাভাইরাসে দেশের নাগরিকদের উদ্বিগ্ন না হতে আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ও চিকিৎসক মুহম্মদ আল-আবদুলালি আবদুলালি। তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় সবদিকে লক্ষ্য রাখছে। যদি কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়, খবর পেলে তাদের শারীরিক অবস্থা ও বিস্তারিত সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সাধারণ জনগণকে জানিয়ে দেওয়া হবে।
করোনাভাইরাস মোকাবিলা ও এর প্রভাব ঠেকাতে সারা দেশে ১৪০০ কোয়ারেন্টাইন কক্ষ তৈরি রাখা হয়েছে বলেও জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই মুখপাত্র।
…বাসাইলসংবাদ/ ০৫ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




