
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে সাত মাসের অন্তঃসত্ত্বা মা ও তার চার বছরের এক কন্যাকে কুপিয়ে ও গলাকেটে হ ত্যার ঘটনায় রাইজ উদ্দিন (৩৬) নামের মূল আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত রাইজ উদ্দিন টাঙ্গাইল শহরের চরপাতুলি এলাকার মৃত সুকুম উদ্দিনের ছেলে। ওই এলাকা থেকে রবিবার (১৩ অক্টোবর) রাতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ তাকে গ্রেফতার করা হয়।
নিহতরা হলেন- টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুককান্দী এলাকার ফোন ফ্যাক্স ব্যবসায়ী আল আমিনের স্ত্রী লাকী আক্তার (২২) ও তার মেয়ে আলিফা (৪)।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, গ্রেফতারকৃত রাইজ উদ্দিন নিহত লাকী আক্তারের স্বামী আল আমিনের ঘনিষ্ঠ বন্ধু। আল আমিন বিকাশের ব্যবসা করতো। সেই কারণে তার বাসায় নগদ টাকা রাখতো। আর রাইজ উদ্দিন তা টের পেয়ে সেই টাকা নেয়ার জন্যই এই হত্যাকা- ঘটায়। ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে রাইজ উদ্দিন আল আমিনের বাসায় গিয়ে প্রথমে তার অন্তঃসত্ত্বা স্ত্রী লাকী আক্তারকে ছুরিকাঘাত করে। পরে ঘটনাটি তার মেয়ে আলিফা দেখে ফেলায় তাকেও হ ত্যা করে। এসময় ওই ঘরে থাকা নগদ আট লাখ টাকা নিয়ে রাইজ উদ্দিন পালিয়ে যায়।
পুলিশ সুপার আরও জানান, রাইজ উদ্দিনের স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ির মুরগির খোয়াড় থেকে পুরো টাকা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোঁড়া এবং তার রক্তমাখা লুঙ্গি-শার্ট উদ্ধার করা হয়। রাইজ উদ্দিন পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
প্রসঙ্গ, শনিবার (১২ অক্টোবর) রাতে টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুককান্দী এলাকায় সাত মাসের অন্তঃসত্ত্বা ও তার চার বছরের শিশু মেয়েকে কুপিয়ে ও গলাকেটে হ ত্যা করা হয়। পরে নিহতের পিতা হাসমত আলী বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।




