
বাসাইল সংবাদ: সোমবার, ৫ ফেব্রুয়ারি,, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
তিন শিশুপুত্রকে সঙ্গে নিয়ে সাবেক স্ত্রী সাজেদা বেগম ও তাদের ঘরের পুত্র, কন্যা এবং পুত্রবধূর বিরুদ্ধে বর্তমান স্ত্রী রেখা বেগমকে হত্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক বৃদ্ধ প্রতিবন্ধী (পঙ্গু)। মীর ওসমান গণি নামের ওই বৃদ্ধ আজ সোমবার সকালে সখীপুর প্রেসক্লাবে এসে অভিযুক্তদের নামে বিচার দাবি করে এ সম্মেলন করেন। এ সময় তিনি নিহত স্ত্রীর ঘরের সিফাত (১০), সুরুয (৮) ও রিপন (৫) নামের অবুঝ তিন শিশুপুত্রকে সঙ্গে নিয়ে এসেছিলেন। এছাড়াও সংবাদ সম্মেলনে শিশুদের নানী কমলা বেগম, মামী পারভীন বেগম ও মামা নূরুল ইসলাম উপস্থিত ছিলেন। ওই বৃদ্ধের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রতিমাবংকী গ্রামে। বৃদ্ধ প্রতিবন্ধী মীর ওসমান গণি বলেন, জমিজমা নিয়ে তার ও বর্তমান স্ত্রী (নিহত) রেখা বেগমের সঙ্গে সাবেক স্ত্রী সাজেদা বেগম ও তাদের ঘরের পুত্র সোহেল রানা, কন্যা আছমা এবং পুত্রবধূ রূপা আক্তারের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জের ধরেই অভিযুক্তরা প্রায় দুই মাস আগে তার স্ত্রী রেখা বেগমকে বেদম প্রহার করে। গুরুতর আহত রেখা বেগম (৩৫) গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মীর ওসমান গণি বলেন, স্ত্রীকে সুস্থ করতে অনেক টাকা খরচ করে তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন। তাকেও বাঁচাতে পারলাম না। আমি একজন পঙ্গু মানুষ; রোজগার করতে পারিনা। স্ত্রীই সংসারের হাল ধরেছিল। অবুঝ তিনপুত্র সন্তান নিয়ে আমি এখন কোথায় দাঁড়াবো। আমি এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অপরাধ করেও অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখাচ্ছে বলেও সাংবাদিকদের কাছে তিনি বলেন।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ওপরই মামলার পরবর্তী করনীয় নির্ধারণ করা হবে বলেও যোগ করেন থানার এ প্রধান কর্মকর্তা।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




